ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

একের পর এক মিছিল মানিক মিয়া অ্যাভিনিউতে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ১১:৪০ এএম
হাদির জানাজায় অংশ নিতে মানুষ মানিক মিয়া অ্যাভিনিউতে উপস্থিত হতে শুরু করেছেন। ছবি- সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে মানুষ জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে উপস্থিত হতে শুরু করেছেন। স্লোগান সহকারে একের পর এক মিছিল অ্যাভিনিউতে প্রবেশ করছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সরেজমিনে দেখা যায়, মিছিলকারীরা ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাব’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দেন।

শহীদ ওসমান হাদির জানাজা উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ের প্রবেশ পথগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। টহল দিচ্ছে সেনাবাহিনী, পাশাপাশি বিপুলসংখ্যক পুলিশ, র‌্যার ও আনসার মোতায়েন করা হয়েছে।

বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে কবি নজরুলের পাশে সমাহিত করা হবে, জানিয়েছে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ।

গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনি প্রচার শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু ঘটে।

গতকাল সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছায় হাদির মরদেহ। বিমানবন্দর থেকে মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। ময়নাতদন্তের জন্য আজ সকালেই মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে।