শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
রোববার (২১ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এ কর্মসূচির কথা জানানো হয়।
ঘোষণায় বলা হয়, আগামীকাল সোমবার (২২ ডিসেম্বর) বিকেল তিনটায় রাজধানীর শাহবাগের শহীদ হাদি চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, সংগঠনটির আহ্বায়ক ও মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
হাদিকে গুলির ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। পরে হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন