গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে মাঠ পর্যায়ে নির্বাচনি প্রচার কার্যক্রমের কর্মপুঞ্জি আগামী দুই দিনের মধ্যে প্রণয়নের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, এই কর্মপুঞ্জির সঙ্গে সমন্বয় করে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো তৃণমূল পর্যায়ে ভোটার উদ্বুদ্ধকরণ ও প্রচার কার্যক্রম বাস্তবায়ন করবে। এতে সরকারি অর্থ সাশ্রয় হবে এবং সমন্বিত উদ্যোগে কার্যকর ও ফলপ্রসূ প্রচার সম্ভব হবে।
সোমবার (২২ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জেলা তথ্য অফিসারদের সঙ্গে আয়োজিত অনলাইনে মতবিনিময় সভায় এই নির্দেশ দেন।
জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী এবং সংস্কৃতিবিষয়ক সচিব মো. মফিদুল রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা।
সভায় সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তথ্য মন্ত্রণালয়ের প্রচার কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, বর্তমান গতিতে মাঠ পর্যায়ে প্রচার কাজ এগিয়ে চলেছে, এটি ধরে রেখে আরও বেগবান করতে হবে। গণভোটের ডেমো নিয়ে একটি লিফলেট প্রায় চূড়ান্ত অবস্থায় রয়েছে, যা অনুসরণ করলে প্রচার কার্যক্রম আরও সমৃদ্ধ হবে। তিনি ‘ভোটের গাড়ি’ কার্যক্রমের সঙ্গে জেলা তথ্য অফিস ও স্থানীয় প্রশাসনের সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রচারণার সঙ্গে স্থানীয় সরকার বিভাগের দপ্তরগুলো যুক্ত হলে সমন্বিতভাবে কাজ করা সম্ভব হবে এবং নির্বাচনি প্রচারে আরও ভালো ফল পাওয়া যাবে।
সঞ্চালক তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, ৬৪ জেলা এবং চারটি উপজেলা তথ্য অফিসের মাধ্যমে গণযোগাযোগ অধিদপ্তর নিবিড়ভাবে প্রচার কার্যক্রম পরিচালনা করছে। নির্বাচনে গণভোটকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশেষভাবে প্রথমবার ভোটদাতা, তরুণ প্রজন্ম, নারী ভোটার ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভোটারদের উৎসাহিত করার জন্য অঞ্চলভিত্তিক জনপ্রিয় সংগীত তৈরি ও প্রচার করা হচ্ছে। এ ছাড়া ভোটালাপ এবং ‘টেনমিনিট ব্রিফ’ কর্মসূচির মাধ্যমে জনগণকে গণভোট নিয়ে প্র্যাকটিক্যাল ডেমোনস্ট্রেশন দেখানো হবে।
অনলাইনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় ৬৮ জেলা তথ্য অফিসের প্রধান ছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন