ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘শীত নাই আজ, গরম শুধু গরম’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৩:৪৩ পিএম
শেরপুরের নকলা থেকে ঢাকা এসেছেন রিয়াজ উদ্দিন। ছবি : সংগৃহীত

তীব্র শীতে দেশের উত্তরের জনজীবন স্থবির হয়ে পড়লেও রাজধানীতেও আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে কনকনে বাতাসে কাঁপছে মানুষ। তবে এই শীত উপেক্ষা করেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখতে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় জড়ো হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মী ও সমর্থকেরা।

শেরপুরের নকলা থেকে আসা রিয়াজ উদ্দিন শীতের মধ্যেও শরীরে কোনো গরম পোশাক ছাড়াই সবার দৃষ্টি কেড়েছেন। কাঁধে লাঠিতে বাঁধা ধানের ছড়া, গলায় বিএনপির দলীয় পতাকা। শীত লাগছে কি না- এমন প্রশ্নে একগাল হেসে তিনি বলেন, ‘ভাই দেশে আসতেছেন। আজ আবার কীসের শীত? শীত নাই গো, শীত নাই। গরম শুধু গরম।’

রিয়াজ জানান, বুধবার রাতে শেরপুর থেকে ঢাকায় এসেছেন তিনি। তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করে বাড়ি পৌঁছে দিয়ে তারপর গ্রামে ফিরবেন।

ধানের শীষ নিয়ে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ধানের শীষ দেশনেত্রীর মার্কা, তারেক ভাইয়ের মার্কা। ভালোবেসে শীষ না, ধানের বোঝা নিয়েই এসেছি।’

মাদারীপুর থেকে আসা জলিল ফকির বলেন, দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা তাদের জন্য আনন্দের বিষয়।

বৃহস্পতিবার সকালে ৩০০ ফিট এলাকায় দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমি মাদারীপুরের মানুষ। কিন্তু জুলাই অভ্যুত্থানের আগ পর্যন্ত যশোরে থাকতে হয়েছিল। আওয়ামী লীগের লোকেরা আমার জায়গা-জমি দখল করে রেখেছিল। গত বছরের ৫ আগস্ট নিজের বাড়িতে ঢুকে বুঝেছি, ঘরে ফেরা কত বড় আনন্দ।’

রাজশাহীর পবা থেকে আসা সেলিম রেজা মাথায় ধানের শীষের টুপি পরে ঘুরছেন। তিনি বলেন, ‘আমাদের নেতা একটু পরেই চোখের সামনে আসবেন। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে।’

চট্টগ্রাম থেকে আসা মো. মামুন বলেন, অসুস্থ শরীর নিয়েই তিনি এসেছেন এই প্রত্যাশায় যে, তারেক রহমান দেশে ফিরে আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে দেশ গঠনে নেতৃত্ব দেবেন।

কনকনে শীতের মধ্যেও নেতাকে স্বাগত জানাতে আসা মানুষের উচ্ছ্বাসে যেন উষ্ণ হয়ে উঠেছে পূর্বাচলের ৩০০ ফিট এলাকা।