ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ১২:৫১ পিএম
খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, প্রবীণ রাজনীতিক ও বিএনপির চেয়ারপানসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট (অব.) জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় উপদেষ্টা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি বলেন, খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং একজন সফল, সৎ ও আদর্শ রাজনীতিবিদ হিসেবে জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনন্য।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে খালেদা জিয়া ছিলেন সংগ্রাম ও প্রতিরোধের প্রতীক। তার আপসহীন অবস্থান দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ে জাতিকে অনুপ্রাণিত করেছে। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়।

উপদেষ্টা উল্লেখ করেন, দেশ ও জাতির প্রতি খালেদা জিয়ার অবদান ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।