সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারত সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেগম খালেদা জিয়ার জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নিতে তিনি বাংলাদেশ সফর করবেন।
এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও আগামীকাল বুধবার ঢাকায় পৌঁছাবেন। তিনি খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন বলে নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রীও শ্রদ্ধা জানাতে ঢাকায় আসতে পারেন। আন্তর্জাতিক এসব প্রতিনিধির আগমনকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা ছিল সংকটাপন্ন। টানা প্রায় ৪০ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন