শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আজ থেকে সারা দেশে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। শনিবার (৩ জানুয়ারি) শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত।
ইনকিলাব মঞ্চ জানায়, কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির নেতাকর্মীরা হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে যাবেন। একই সঙ্গে তারা জনমত গঠনের মাধ্যমে দ্রুত বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানাবেন।
সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এ দাবি পূরণ না হলে ৭ জানুয়ারির পর থেকে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। পাশাপাশি ২২ কর্মদিবসের মধ্যে বিচার নিশ্চিত না হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারিও দেন নেতারা।
এর আগে শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।
এ সময় সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেকোনো বৈঠক স্বচ্ছ ও প্রকাশ্য হতে হবে, গোপন বৈঠক গ্রহণযোগ্য নয়। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ওপর জোর দিয়ে বলেন, যেকোনো ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধেই তাদের অবস্থান।
শরিফ ওসমান হাদির আত্মত্যাগ স্মরণ করে তিনি আরও বলেন, হাদি এই আন্দোলনের পথ দেখিয়ে গেছেন। তার দেখানো পথ অনুসরণ করেই সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানান ইনকিলাব মঞ্চের এই নেতা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন