ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মনোনয়নপত্র বাছাই শেষ হচ্ছে আজ, আপিল দায়েরে ৭ নির্দেশনা ইসির 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৫:৪৪ পিএম
নির্বাচন কমিশনের লোগো। ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ আজ শেষ হচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, রোববার (৪ জানুয়ারি) বাছাই শেষে দেশে কতগুলো মনোনয়নপত্র বৈধ এবং কতগুলো বাতিল হয়েছে তা প্রকাশ করা হবে।

ইসি জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪ জানুয়ারি পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে সংক্ষুদ্ধ কোনো প্রার্থী বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি নির্বাচন কমিশনে আগামী ৫ জানুয়ারি হতে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আপিল দায়ের করতে পারবেন।

ইসির দেওয়া ৭টি  নির্দেশনা 

মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে আপিল 

  • আপিল আবেদন কমিশন সচিবালয়ের সচিবের নিকট নির্ধারিত ফরমেটে দায়ের করতে হবে।
  • আপিল দায়েরকালে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণ সংবলিত বিবৃতি এবং মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ আদেশের সত্যায়িত কপি দাখিল করতে হবে।
  • আপিল আবেদনের ১টি মূলকপিসহ সর্বমোট ৭টি কপি দাখিল করতে হবে।
  • আপিল আবেদন নির্বাচন কমিশনের আপিল আবেদন গ্রহণ সংক্রান্ত কেন্দ্রে স্ব স্ব অঞ্চলের নির্ধারিত বুথে জমা দিতে হবে।
  • আপিল আবেদন ৫ জানুয়ারি হতে ৯ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৫টার মধ্যে দাখিল করতে হবে।
  • আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্ত বা রায়ের কপি প্রাপ্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন দাখিল করতে হবে। উক্ত ফরমের নমুনা নির্বাচন কমিশনে আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রীয় বুথ হতে সংগ্রহ করা যাবে।
  • আপিল দায়েরকারী অথবা আপিল দায়েরকারীর পক্ষে মনোনীত ব্যক্তি আপিলের রায়ের কপি সংগ্রহ করতে পারবেন।

আপিল নিষ্পত্তি: মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দাখিলকৃত আপিলসমূহ নির্বাচন কমিশন আগামী ১০ জানুয়ারি হতে ১৮ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নিষ্পত্তি করবে।

নির্বাচনি আচরণ বিধি অনুসরণ: সংসদ নির্বাচনে নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি এবং সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ অনুসরণ করতে হবে। 

৩০০ আসনে প্রার্থীর সংখ্যা চূড়ান্ত: নির্বাচনি কার্যক্রমের গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ: ৪ জানুয়ারি, ২০২৬
  • আপিল দায়েরের সময়কাল: ৫ - ৯ জানুয়ারি
  • আপিল শুনানি ও নিষ্পত্তি: ১০ - ১৮ জানুয়ারি
  • প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন: ২০ জানুয়ারি
  • প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত প্রার্থী তালিকা: ২১ জানুয়ারি
  • ভোটগ্রহণ (সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০): ১২ ফেব্রুয়ারি, ২০২৬