ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।
সোমবার (৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলায় সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বাংলাদেশ সরকার উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ মনে করে, দেশগুলোর মধ্যে যেকোনো বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে কূটনীতি ও সংলাপই হওয়া উচিত প্রধান উপায়।
এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি তার অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
এর আগে, শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এরপর হোয়াইট হাউসের কর্মকর্তারা সিবিএসকে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলার নির্দেশ দিয়েছেন। তবে হোয়াইট হাউস কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
হামলার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করেন, মার্কিন বাহিনী ‘ভেনেজুয়েলা এবং এর নেতার বিরুদ্ধে একটি বৃহৎ পরিসরে হামলা’ চালিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ট্রাম্প বলেন, মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার পরিচালিত অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে এবং বিমানে করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন