ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিলের হিড়িক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৭:৫৫ পিএম
নির্বাচন কমিশন। ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) ১২২টি আপিল আবেদন জমা পড়েছে। এ নিয়ে দুই দিনে মোট আপিলের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪টি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ইসির কেন্দ্রীয় বুথ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

ইসি জানিয়েছে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনে ১২২টি আপিল আবেদন জমা পড়েছে। দুই দিনের মোট আপিলের সংখ্যা ১৬৪টি।

রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৭২৩ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছেন। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১,৮৪২ জন।

ইসির তথ্যানুযায়ী, মঙ্গলবার ১০ অঞ্চলে মোট ১২২টি আবেদন পড়েছে। এর মধ্যে রংপুর অঞ্চলে ১০টি, রাজশাহী অঞ্চলে ১৭টি, খুলনা অঞ্চলে ১৬টি, বরিশাল অঞ্চলে ৫টি, ময়মনসিংহ অঞ্চলে ১৬টি, ঢাকা অঞ্চলে ২৩টি, ফরিদপুর অঞ্চলে ৫টি, সিলেট অঞ্চলে ৮টি, কুমিল্লা অঞ্চলে ১৪টি এবং চট্টগ্রাম অঞ্চলে ৮টি আপিল আবেদন জমা হয়েছে।

উল্লেখ্য, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। নির্বাচন কমিশন আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি করবে।

এদিকে আপিল দায়ের করার জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে একটি কেন্দ্র স্থাপন করা হয়েছে। আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রে অঞ্চাল ভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে।

১নং বুথে খুলনা অঞ্চলের জেলাসমূহ: মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা।

২নং বুথে রাজশাহী অঞ্চলের জেলাসমূহ: জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা।

৩নং বুথে রংপুর অঞ্চলের জেলাসমূহ: পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা।

৪নং বুথে চট্টগ্রাম অঞ্চলের জেলাসমূহ: চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান;

৫নং বুথে কুমিল্লা অঞ্চলের জেলাসমূহ: ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর;

৬নং বুথে সিলেট অঞ্চলের জেলাসমূহ: সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ;

৭নং বুথে ঢাকা অঞ্চলের জেলাসমূহ: টাংগাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ;

৮ নং বুথে ময়মনসিংহ অঞ্চলের জেলাসমূহ: জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা;

৯নং বুথে বরিশাল অঞ্চলের জেলাসমূহ: বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর;

১০নং বুথে ফরিদপুর অঞ্চলের জেলাসমূহ: রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর জেলার মনোনায়নপত্র বাতিল ও গ্রহণ আদেশের বিরুদ্ধে ইসিতে আপিল দায়ের করা যাবে।