স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশের পরিস্থিতি নির্যাতন ও আয়নাঘরের যুগে ফিরে যেতে না চাইলে নাগরিকদের সচেতনভাবে গণভোটে অংশ নিতে হবে।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত নাগরিক পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
এই অনুষ্ঠানে উপস্থিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও বলেন, ক্ষমতার ভার জনগণের হাতে নিতে হলে সংস্কারের পক্ষে গণভোটে অংশগ্রহণ অপরিহার্য। আগামী নির্বাচনে ভেবেচিন্তে ভোট দিতে হবে।
দুই উপদেষ্টা একই সঙ্গে বলেন, দেশ আর কখনো আধিপত্যের কাছে মাথানত করবে না এবং নাগরিকদের সচেতন ভোটের মাধ্যমে পরিবর্তনের পথ খুলতে হবে।
এদিন ডিএনসিসি নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সেবা ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে নাগরিক পদক-২০২৫ প্রদান করে। গুলশানের নগর ভবনে ৮ ক্যাটাগরিতে ১০ জন এই পুরস্কার পান।
অনুষ্ঠানের মূল প্রবন্ধে অধ্যাপক সলিমুল্লাহ খান আহমদ ছফার কবর তুরাগ পাড় থেকে বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তরের বিষয় তুলে ধরেন। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ নাগরিকদের নগর সংস্কারে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি; যেদিনই অনুষ্ঠিত হবে গণভোট। নাগরিকদের অংশগ্রহণকে দেশের গণতান্ত্রিক শক্তি হিসেবে মূল্যায়ন করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন