ভারতে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের সামনে এ কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেন, আইসিসির সিকিউরিটি টিম চিঠিতে বলেছে তিনটা বিষয় হলে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়বে।
তিনি বলেন, সিকিউরিটি টিমের এই কথা প্রমাণ করে, ভারতে বিশ্বকাপ খেলার কোনো পরিবেশ নেই। সেখানে বাংলাদেশ বিদ্বেষী পরিবেশ বিরাজ করছে। আইসিসি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকলে আমাদের অবশ্যই শ্রীলঙ্কায় খেলার সুযোগ হওয়া উচিত। ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তের বিষয়ে নতি স্বীকার করবো না।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরের পর্দা উঠবে। বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ কলকাতায় তিনটি ম্যাচ খেলবে। ৭ ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা টাইগারদের। এরপর একই ভেন্যুতে ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে তারা।


