ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

গণমাধ্যম কারা চালাচ্ছে জানালেন সাবেক তথ্য উপদেষ্টা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৮:৫১ পিএম
সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ছবি- সংগৃহীত

সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, দেশের গণমাধ্যম এখনো দালালদের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, দেশের গণঅভ্যুত্থান ছিল অল্প কিছু লোকের সুবিধার জন্য নয়, বরং সবার কল্যাণে। কিন্তু আজও রাষ্ট্র সংস্কারে বাধাগুলো বহাল আছে।

তিনি বলেন, বিদেশ থেকে টাকা আনা তো দূরের কথা, দেশের ভেতরেই দালালরা সম্পদ গড়ে মিডিয়া চালাচ্ছে, আর এতে কোনো পরিবর্তন হয়নি। যদি রাঘববোয়ালদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া না হয় তাহলে কোনো বাস্তব পরিবর্তন আসবে না।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি অডিটোরিয়ামে ‘রাষ্ট্র পুনর্গঠন ও গণভোট’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি ।

তিনি বলেন, শেষ চার মাস তাকে কাজ করতে দেওয়া হয়নি। এর কারণে রাষ্ট্র সংস্কার কার্যক্রম সম্পন্ন করা যায়নি। পুরাতন বন্দোবস্তের লোকদের ক্ষমতায় রেখে নতুন কাঠামো গড়ে তোলা সম্ভব নয়।

সম্পদের পুনর্বণ্টনের প্রয়োজনীয়তা তুলে ধরে সাবেক তথ্য উপদেষ্টা বলেন, যদি জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর চুক্তি থাকে, তাহলে কেন বিপরীতমুখী কথা বলা হচ্ছে? রাজনৈতিক সমঝোতা মানে ক্ষমতার কাঠামো পুনর্বিন্যাস। কিন্তু জমি বা সম্পদের পুনর্বণ্টনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থান আমাদের অনেক দূর এগিয়েছিল। কিন্তু রাজনৈতিক দলগুলো আবার পিছিয়ে দিচ্ছে। জনগণকে স্বচ্ছ, শক্তিশালী ও সমতামূলক ব্যবস্থায় ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব।’