ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নতুন সূচকে ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ১০:০৮ এএম
প্রতীকী ছবি

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ সামান্য উন্নতি করেছে। হেনলি পাসপোর্ট ইনডেক্স-২০২৬ অনুযায়ী, বাংলাদেশের অবস্থান পাঁচ ধাপ এগিয়ে ৯৫তম। বর্তমানে বাংলাদেশের নাগরিকরা ৩৭টি দেশে ভিসা ছাড়াই বা সহজ ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারেন।

এই তালিকা মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশ করেছে।

২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। লন্ডনভিত্তিক এই প্রতিষ্ঠান আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) তথ্যের ভিত্তিতে প্রতিবছর এই র‍্যাঙ্কিং নির্ধারণ করে।

যেসব দেশে ভিসা ছাড়াই ভ্রমণ

বাংলাদেশিরা এখন নিম্নলিখিত ৩৭টি দেশে আগাম ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল সুবিধা নিয়ে ভ্রমণ করতে পারেন—বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, মোজাম্বিক, নেপাল, নিউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, দ্য বাহামাস, দ্য গাম্বিয়া, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভালু ও ভানুয়াতু।

তালিকার কিছু দেশে অন-অ্যারাইভাল সুবিধা বা বিমানবন্দরে ভিসা পাওয়া যায় এবং কয়েকটি দেশে ই-ভিসা প্রয়োজন।

হেনলি পাসপোর্ট ইনডেক্সে ২০২৬ সালের শীর্ষ তিনটি পাসপোর্টও এশিয়ার দেশগুলোর। এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর, যেখানে নাগরিকরা ২২৭টি দেশের মধ্যে ১৯২টিতে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। যৌথভাবে দুই নম্বরে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া, যারা ১৮৮টি দেশে ভিসামুক্তভাবে ভ্রমণ করতে পারেন।