আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু, অবাধ ও ত্রুটিমুক্ত করার জন্য সতর্কবার্তা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ‘দল-মতের ঊর্ধ্বে থেকে একটি ত্রুটিবিহীন নির্বাচন দেশের মানুষকে উপহার দিতে হবে।’
বুধবার (১৪ জানুয়ারি) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিসেম্বর ২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপি কর্মকর্তাদের উদ্দেশ্যে কমিশনার এসব কথা বলেন।
সাজ্জাত আলী বলেন, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘিত হলে প্রার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রত্যেকে আচরণবিধি যথাযথভাবে মেনে দায়িত্ব পালন নিশ্চিত করবে।
কমিশনার আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন যেন নির্বাচনি পরিবেশকে বিনষ্ট করতে না পারে এবং কোনো ঘটনা রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার না হয়, সে দিকেও বিশেষ নজর রাখতে হবে। পুলিশ সদস্যদের যেকোনো ধরনের পক্ষপাতমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে এবং নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা করতে সর্বোচ্চ সততা ও পেশাদারিত্ব প্রদর্শন করতে হবে।
ডিএমপি কমিশনার বলেন, আসন্ন নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হবে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে যেন কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।
তিনি নির্দেশ দিয়ে বলেন, নির্বাচনে দায়িত্ব পালনের সময় সকলকে স্বচ্ছ ও ন্যায়নিষ্ঠ থাকতে হবে। সাহসী এবং দায়িত্বশীল আচরণই একজন পুলিশ কর্মকর্তার প্রকৃত পরিচয়।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার বলেন, দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে নির্বাচনি আচরণবিধি মেনে দায়িত্ব পালন করতে হবে। অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, নির্বাচনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিসেম্বর মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন: অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার ওসি এবং অন্যান্য পদমর্যাদার কর্মকর্তারা।
কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সভায় উপস্থিত সবাইকে নির্দেশনা দিয়ে বলেন, নির্বাচন শুধু একটি রাজনৈতিক অনুষ্ঠান নয়, এটি জনগণের আস্থা এবং দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতার পরীক্ষা। এজন্য পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সততা, পেশাদারিত্ব এবং নৈতিক মান বজায় রাখা অত্যন্ত জরুরি।


