রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে দুই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, নিহতদের শরীরে পোড়া ক্ষত নেই; ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে ১৮ নম্বর রোডের ওই ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ফজলে রাব্বী (৩৮), হারিস (৫২), রাহাব (১৭), আফসানা, রোদেলা আক্তার (১৪) এবং আড়াই বছর বয়সী শিশু রিসান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভবনের দ্বিতীয় তলায় হঠাৎ আগুনের মতো লাল আলো দেখা দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো ভবন ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে সকাল ৭টা ৫৮ মিনিটে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ডা. শাওন বিন রহমান বলেন, নিহতদের শরীরে কোনো পোড়ার চিহ্ন নেই। ধোঁয়ার কারণে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু ঘটেছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ জানান, আগুনের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। তিনি জানান, আগুনের উৎস সম্ভবত ভবনের দ্বিতীয় তলা থেকে হতে পারে।
ফায়ার সার্ভিস জানায়, ভবনের ছাদে তালা ছিল, যা অনেককে বাইরে বের হতে বাধা দিয়েছে। বারান্দার গ্রিল কাটতে না পারায় উদ্ধার কার্যক্রমে সমস্যা হয়েছিল। আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। তবে তদন্ত চলছে।

