রাজধানীর জিগাতলায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ ও হতাহতদের বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে সকাল ৭টা ৫০ মিনিটে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি ৬ তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের তিন জন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আহমেদ।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৫৪ মিনিটে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ভবনের ভেতরে আটকা পড়া ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত ও উদ্ধারকৃতদের চিকিৎসার জন্য উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
ভবনের ভেতরে আটকা পড়ে শ্বাসরোধ বা দগ্ধ হয়ে দুই নারী ও একজন পুরুষসহ মোট ৬ জন প্রাণ হারান। ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টায় সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।
নিহতরা হলেন, একই পরিবারের ফজলে রাব্বী (৩৮), হারিস (৫২) ও রাহাব (১৭)। বাকি তিন জন হলেন, আফসানা, রোদেলা আক্তার (১৪) এবং আড়াই বছর বয়সি শিশু রিসান।


