মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংঘটিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে রাজধানীতে শুরু হয়েছে ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ সম্মিলন অনুষ্ঠান চলবে।
সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, সাম্প্রতিক সময়ে দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারাবাহিকভাবে সহিংসতা ও তথাকথিত মব ভায়োলেন্সের শিকার হচ্ছে। এ ধরনের ঘটনা নজিরবিহীন এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ ও স্বাধীন সাংবাদিকতার জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সম্মিলনে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত মর্যাদা ও অধিকার সংরক্ষণ এবং একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম পরিবেশ বজায় রাখার বিষয়ে বক্তারা তাদের মতামত তুলে ধরছেন।
অনুষ্ঠানে নোয়াব ও সম্পাদক পরিষদের সব সদস্য ছাড়াও অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা অংশ নিয়েছেন।
এ ছাড়া ঢাকার বাইরে কর্মরত সাংবাদিক, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও প্রকাশক, আমন্ত্রিত গণমাধ্যম প্রতিনিধি এবং কলাম লেখকরাও সম্মিলনে উপস্থিত রয়েছেন। আয়োজকদের প্রত্যাশা, এই সম্মিলনের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ বার্তা যাবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন