× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৯:৫৩ পিএম

কাল প্রতীক বরাদ্দ, বৃহস্পতিবার থেকে শুরু প্রচারণা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৯:৫৩ পিএম

নির্বাচন কমিশনের লোগো। ছবি- সংগৃহীত

নির্বাচন কমিশনের লোগো। ছবি- সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনি উত্তাপ ক্রমেই বাড়ছে। প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ায় ভোটের মাঠে কারা থাকছেন তা এখন প্রায় স্পষ্ট।

এই প্রেক্ষাপটে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক বরাদ্দের পরদিন বৃহস্পতিবার থেকে দেশজুড়ে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার-প্রচারণা।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে প্রার্থীরা নিজ নিজ নির্বাচনি এলাকায় পূর্ণাঙ্গভাবে ভোটারদের কাছে যাওয়ার সুযোগ পাবেন। দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা তখন প্রচার কার্যক্রম জোরদার করতে পারবেন।

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত দুই হাজারের বেশি প্রার্থী বৈধ তালিকায় রয়েছেন। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচনি প্রতিযোগিতা আরও বহুমাত্রিক হয়ে উঠেছে। স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন করা হবে।

ইসি সূত্রে জানা গেছে, জাতীয় এই নির্বাচনে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছিলেন। প্রার্থিতা প্রত্যাহার প্রক্রিয়া শেষ হওয়ায় এখন চূড়ান্তভাবে নির্ধারিত হচ্ছে, কে কে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রার্থিতা প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের জারি করা পরিপত্রে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১৬ অনুচ্ছেদ অনুযায়ী বৈধভাবে মনোনীত কোনো প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে নিজে অথবা লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে সইযুক্ত লিখিত নোটিশ দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল যদি একটি নির্বাচনি এলাকায় একাধিক প্রার্থীকে মনোনয়ন দিয়ে থাকে, সে ক্ষেত্রে দলের সভাপতি, সাধারণ সম্পাদক বা সমমর্যাদার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরিত লিখিত পত্রের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত প্রার্থীর নাম রিটার্নিং অফিসারকে জানাতে হবে। ওই ক্ষেত্রে দলের অন্য প্রার্থীরা আর প্রার্থী হিসেবে গণ্য হবেন না।

এ ছাড়া একবার প্রার্থিতা প্রত্যাহারের জন্য লিখিত নোটিশ দেওয়া হলে অথবা রাজনৈতিক দল কর্তৃক চূড়ান্ত প্রার্থী মনোনয়ন দেওয়া হলে তা কোনো অবস্থাতেই প্রত্যাহার বা বাতিল করা যাবে না বলেও পরিপত্রে স্পষ্ট করা হয়েছে।

এদিকে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। হালনাগাদ তালিকা অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতীক বরাদ্দ ও আনুষ্ঠানিক প্রচারণা শুরুর মধ্য দিয়ে নির্বাচন কার্যক্রম আরও দৃশ্যমান ও গতিশীল হবে। ধাপে ধাপে সব প্রস্তুতি সম্পন্ন করে নির্ধারিত সময়েই ভোটগ্রহণ আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ করছে কমিশন।

Link copied!