টানা কয়েক সপ্তাহের নাটকীয় ঘটনাপ্রবাহের পর বাংলাদেশের সামনে যেকোনো একটা পথ খোলা ছিল—হয় ভারতে গিয়ে খেলতে হবে, নয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলা হবে না। এমন পরিস্থিতিতে নিজেদের ভারতে না যাওয়ার অবস্থানই ধরে রাখল বাংলাদেশ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে বসেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবির কর্মকর্তারা।
বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আইসিসি আমাদের সঙ্গে সুবিচার করেনি। ভারত সরকারও নিরাপত্তা বিষয় নিয়ে কোনো আলোচনা করেনি। আমরা আশা করি, আইসিসি নিরাপত্তার বিষয়টি পুনরায় বিবেচনা করবে এবং বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেবে।’
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমরা আজ আবারও আইসিসির সঙ্গে আলোচনার চেষ্টা করব। দেশের ক্রিকেট নিয়ে আমরা গর্বিত, তবে বিশ্ব ক্রিকেটের অবস্থানে সন্দিহান। বাংলাদেশ যদি নিরাপত্তার কারণে ভারতে না যায়, তবে এটি আয়োজকদের ব্যর্থতা। আমরা চাই বিশ্বকাপে খেলতে, তবে ভারতে নয়।’

