ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে গুলশানে ওয়েস্টিন হোটেলে কূটনীতিকদের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি ও গণভোট বিষয়ে আলোচনা শেষে এ মন্তব্য করেন তিনি।
সিইসি নাসির উদ্দিন বলেন, আলোচনা খুব সুন্দর হয়েছে। কূটনীতিকরা খুশি। তারা স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন চান।
তিনি আরও বলেন, ভোটাররা যেন শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারেন, এ জন্য সব ধরনের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাসির উদ্দিন জানান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কূটনীতিকরা নির্বাচন কমিশনের প্রস্তুতি ও উদ্দেশ্যকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
সিইসি আরও জানান, কোনো ধরনের প্রশ্নও করেননি কূটনীতিকরা। তারা নির্বাচন কমিশনের উদ্দেশ্য সম্পর্কে সন্তুষ্ট হয়েছেন।


