নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফল একসঙ্গে ঘোষণা করা হবে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন তিনি।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ভোটগ্রহণ শেষ হওয়ার সময় থেকে শুরু করে ৩ থেকে সাড়ে ৩ বা ৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রের রেজাল্ট হয়ে যাবে। ভোট কাস্টের ওপর এটি নির্ভর করছে। তবে প্রবাসীদের ভোটের কেন্দ্রগুলোয় সময় বেশি লাগবে। এর কারণ হলো ব্যালট পেপারের ভিন্নতা। একটি প্রবাসীদের জন্য, আর আরেকটি দেশের অভ্যন্তরে ব্যবহার করা হচ্ছে।
তিনি বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা কংকারেন্টলি (একইসঙ্গে) হবে। এ ক্ষেত্রে প্রতি ৪০০ ইনভেলাপের জন্য একজন পোলিং অফিসার থাকবে। আর তাদের সার্বিক সহযোগিতা করতে বিএনসিসিকে ভোটকেন্দ্রে ডেপ্লয় করা হবে। নারী-পুরুষ মিলিয়ে প্রায় ১৬ হাজার বিএনসিসি ক্যাডেটরা আমাদের সঙ্গে কাজ করবেন।
আচরণবিধি ভঙ্গের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সরাসরি ইলেকট্রোরাল ইনকোয়ারি কমিটি বা রিটার্নিং কর্মকর্তার কাছে জানালে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব। কারণ, এটি নিয়ে সরাসরি ইসিতে অভিযোগ করলে প্রক্রিয়াগত কারণে সময় বেশি লাগতে পারে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন