আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা চূড়ান্ত করতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৬ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ-সংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তাদের পাঠিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১০ ডিসেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল থেকে বেসরকারি ব্যাংকে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের বাদ দিয়ে নতুন প্যানেল প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে সব জেলা নির্বাচন অফিসারদের।
তবে চিঠিতে আরও বলা হয়েছে, ভোটগ্রহণের জন্য পর্যাপ্ত সংখ্যক কর্মকর্তা না পাওয়া গেলে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীদের প্রয়োজনীয় যাচাই-বাছাই করে নিয়োগ করা যেতে পারে।
নির্বাচন কমিশন ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ চূড়ান্তকরণের সিদ্ধান্ত নিয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ সকাল ৭:৩০ মিনিট থেকে বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন