আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রবাসীদের ভোটাধিকারের ব্যালট বাংলাদেশে পৌঁছানো শুরু হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল পর্যন্ত ২১ হাজার ৫০৮টি পোস্টাল ব্যালট দেশে এসেছে।
নির্বাচন কমিশনের ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর কাছে ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন ব্যালট গ্রহণ করেছেন, ভোট দিয়েছেন ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন এবং ডাকবাক্সে জমা পড়েছে ৩ লাখ ৭০ হাজার ৩২২টি ব্যালট।
নির্বাচন কমিশন প্রবাসীদের দ্রুত ব্যালট দিয়ে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে। নিয়ম অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার দপ্তরে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর জমা দেওয়া কোনো ব্যালট গণনা করা হবে না।
এবারই প্রথম ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে রেকর্ডসংখ্যক ভোটার নিবন্ধিত হয়েছেন। মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন, যার অর্ধেকের বেশি প্রবাসী। প্রবাসীদের পাশাপাশি দেশের ভেতরে নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং কারাগারে থাকা ভোটাররাও এই সুযোগ পাচ্ছেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিনই রিটার্নিং কর্মকর্তারা সাধারণ ভোটের পাশাপাশি ডাকযোগে আসা সব ব্যালট গণনা করবেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন