ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রপ্তানিতে সুখবর: বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৭:৪০ এএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত উচ্চ শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ কমানোর বিষয়ে চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহের শুরুতে ইতিবাচক ঘোষণা আসতে পারে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ ও কূটনৈতিক অর্জন তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লুৎফে সিদ্দিকী বলেন, বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক কমানোর বিষয়ে ওয়াশিংটন আন্তরিক। খুব শিগগিরই এ সংক্রান্ত ঘোষণা আসার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে বহাল থাকা ২০ শতাংশ শুল্ক কতটা কমানো হবে, তা এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।

দাভোসে সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অশুল্কনীতির অনেক বিষয়ই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যঘাটতি আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। এসব ইতিবাচক দিক বিবেচনায় নিয়েই যুক্তরাষ্ট্র বাণিজ্য বাধা কমাতে আগ্রহ দেখাচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ বাণিজ্য সম্পর্ক নিয়েও কথা বলেন লুৎফে সিদ্দিকী। তিনি জানান, ইইউ কমিশনার রোক্সানা মিনজাতু ও জোজেফ সিকেলার সঙ্গে সম্ভাব্য মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে এফটিএ স্বাক্ষরের বিষয়ে প্রবল আগ্রহের কথা জানানো হয়েছে এবং ইইউ ইতিবাচক সাড়া দিয়েছে। তবে তাদের প্রশাসনিক প্রক্রিয়া কিছুটা সময়সাপেক্ষ।

তিনি আরও বলেন, বর্তমানে ইইউ ভারত ও ভিয়েতনামের সঙ্গে এফটিএ নিয়ে কাজ করছে, যা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে এসব আলোচনা অব্যাহত রাখা হবে এবং ভবিষ্যৎ সরকারের জন্য বিস্তারিত নোট রেখে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ডব্লিউইএফ সম্মেলনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ বিশ্বমঞ্চে দেশের নতুন ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সহায়ক হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।