ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রবাসী ভোটারদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটের মধ্যে ১১ হাজারের বেশি ব্যালট ভোট দেওয়া ছাড়াই দেশে ফেরত এসেছে। নির্বাচন কমিশনের (ইসি) পোস্টাল ব্যালট-সংক্রান্ত ওয়েবসাইটে শুক্রবার এ তথ্য প্রকাশ করা হয়।
ইসির তথ্যমতে, বাংলাদেশ থেকে মোট ৭ লাখ ৬৭ হাজার ১৮৮টি পোস্টাল ব্যালট বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ১৫ হাজার ৯৫৪টি ব্যালট প্রবাসী ভোটারদের হাতে পৌঁছেছে। এসব ব্যালটের মধ্যে ৪ লাখ ৫৪ হাজার ৮৭২টিতে ভোট প্রদান করেছেন ভোটাররা।
ভোট দেওয়া ব্যালটগুলোর মধ্যে এখন পর্যন্ত ৪ লাখ ৭ হাজার ৫৩৩টি ব্যালট ডাকযোগে ফেরত এসেছে বলে জানায় কমিশন। এ ছাড়া বৃহস্পতিবার পর্যন্ত আরও ৫৫ হাজার ৩৪১টি ব্যালট দেশে পৌঁছেছে।
তবে ডাক বিভাগের মাধ্যমে সরবরাহে ব্যর্থতার কারণে ১১ হাজার ২২৬টি পোস্টাল ব্যালট ভোটগ্রহণ ছাড়াই দেশে ফেরত আসে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ইসি আরও জানায়, দেশে ও দেশের বাইরে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রবাসী ভোটারের সংখ্যা ৭ লাখ ৭২ হাজার ৫৪৬ জন।


