ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৩০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৬:৫৭ পিএম
ছবি - সংগৃহীত

এনআইডি সেবা দিতে গিয়ে মাত্র ৩০০ টাকা ঘুষ গ্রহণ এবং সেই ঘটনা গোপন করতে সাংবাদিককে ২৯ হাজার টাকা উৎকোচ দেওয়ার অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব শুধাংশু কুমার সাহাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে গত ৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ শাস্তির কথা জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সিদ্ধান্তটি গত ৩ ফেব্রুয়ারি থেকে কার্যকর ধরা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লায় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে শুধাংশু কুমার সাহা এনআইডি সংশোধন সেবা দিতে গিয়ে অবৈধভাবে ৩০০ টাকা গ্রহণ করেন। এ সময় গণমাধ্যমকর্মীরা ঘটনাটি ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও প্রকাশ না করার জন্য সংশ্লিষ্ট সাংবাদিককে তিনি ২৯ হাজার টাকা ঘুষ দেন।

ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা (মামলা নম্বর-০৪/২০২৫) দায়ের করা হয়।

বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হয়। তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ দ্বিতীয় পর্যায় প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. ফরিদুল ইসলাম। তদন্ত প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত কর্মকর্তা আত্মপক্ষ সমর্থনে যে বক্তব্য দেন তা সন্তোষজনক নয়।

পরবর্তীতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(৩)(গ) অনুযায়ী তাকে ‘চাকরি থেকে অপসারণ’ গুরুদণ্ড দেওয়া হয়।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ ৩ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। অপসারণের আগে তিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, রংপুরে সংযুক্ত ছিলেন।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এনআইডি সেবা দিতে গিয়ে ঘুষ গ্রহণ এবং পরবর্তী সময়ে সাংবাদিককে উৎকোচ দেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।