ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১১:০৪ এএম
নবনিযুক্ত মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। ছবি : সংগৃহীত

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপারসন হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এ ছাড়া কমিশনের জন্য আরও চারজন কমিশনার নিয়োগ করা হয়েছে।

বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫’এর ধারা ৬ এর উপ-ধারা (১) অনুযায়ী রাষ্ট্রপতি, বাছাই কমিটির সুপারিশক্রমে তাদের নিয়োগ দিয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক দুই সদস্য মো. নূর খান লিটন ও নাবিলা ইদ্রিসকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাকি দুজন কমিশনার হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শরীফুল ইসলাম এবং আদিবাসী নেতা ও মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের যুগ্মসচিব (ড্রাফটিং) মোহাম্মদ আসাদুজ্জামান নূর। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই নিয়োগ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নভেম্বরে জাতীয় মানবাধিকার কমিশনের তৎকালীন চেয়ারম্যান ও সদস্যরা পদত্যাগ করেন। এরপর কমিশন পুনর্গঠন করা হয়নি। তবে অন্তর্বর্তী সরকার একেবারে শেষ সময়ে এসে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার নিয়োগে তোড়জোড় শুরু হয়। অবশেষে আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।