ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যমুনার সামনে থেকে সরলেন আন্দোলনরত সরকারি কর্মচারীরা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৩:২৬ পিএম
আন্দোলনকারী সরকারি কর্মচারীরা। ছবি : সংগৃহীত

নবম জাতীয় পে-স্কেল ঘোষণার দাবিতে যমুনার সামনে অবস্থান করা সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডের কারণে শেষ পর্যন্ত সরে গেছেন। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর তারা শাহবাগের দিকে চলে যান। এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে।

বেলা সাড়ে ১১টার দিকে যমুনার সামনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ শুরু করেন। পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মসূচির অংশ হিসেবে কয়েক হাজার কর্মকর্তা শহীদ মিনারে একত্র হয়ে যমুনার দিকে রওনা হন।

শাহবাগ মোড়ে পৌঁছালে পুলিশ প্রথমে বাধা দেয় এবং জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে আন্দোলনকারীরা পুলিশি বাধা উপেক্ষা করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে যমুনার সামনে পৌঁছান এবং বসে বসে স্লোগান দেন।

বেলা সাড়ে ১১টার পর বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। আন্দোলনকারীদের বারবার সরানোর অনুরোধে তারা সাড়া না দিলে পুলিশ অ্যাকশন নেয়। পুলিশের জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের ফলে আন্দোলনকারীরা রমনা পার্কের ভেতরে সরে যান। ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

দুপুর ১২টার পর পুলিশ ব্যাপকভাবে ধাওয়া শুরু করে এবং চার-পাঁচজন আন্দোলনকারীকে আটক করে। এদের মধ্যে একজন নারায়ণগঞ্জ ও একজন লক্ষ্মীপুর থেকে আসা।

শাহাদাৎ নামের এক আন্দোলনকারী বলেন, আমরা আমাদের ন্যায্য অধিকার ও আন্দোলনের জন্য অবস্থান নিয়েছিলাম। কমিশন দীর্ঘ ৯ মাস পর প্রতিবেদন দিয়েছে, শুধু গেজেট প্রকাশের অপেক্ষা। আমরা সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য আন্দোলন করছি।

রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, আমরা আন্দোলনকারীদের সরে যেতে বলেছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রাথমিকভাবে কয়েকজনকে আটক করা হয়েছে।