ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আজ ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৯:০৮ এএম
ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আজ থেকে মাঠপর্যায়ে নামছে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের মোতায়েন শুরু হয়েছে। একই সঙ্গে দায়িত্ব পালন শুরু করেছেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচনের আগের দিন, অর্থাৎ ১১ ফেব্রুয়ারি সকাল থেকে মাঠে নামবেন প্রায় ১ লাখ ৫৭ হাজার পুলিশ সদস্য।

সরকারি পরিপত্রে জানানো হয়েছে, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার-ভিডিপি ও কোস্টগার্ড মোতায়েন থাকবে। পাশাপাশি বেসামরিক প্রশাসনকে সহায়তায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

এবারের নির্বাচনে বিভিন্ন বাহিনীর মোট প্রায় ৯ লাখ সদস্য দায়িত্বে থাকবেন। এর মধ্যে ভোটকেন্দ্রে মোতায়েন থাকবে আনসার ও ভিডিপির প্রায় সাড়ে পাঁচ লাখ সদস্য। পুলিশের দায়িত্ব পালন করবেন প্রায় দেড় লাখ সদস্য, সশস্ত্র বাহিনীর প্রায় এক লাখ এবং বিজিবির প্রায় ৩৫ হাজার সদস্য।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, র‍্যাব, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও আনসার ব্যাটালিয়ন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। জেলা, উপজেলা ও থানা ভিত্তিতে দায়িত্ব পালন করবে বিজিবি, র‍্যাব, এপিবিএন ও আনসার ব্যাটালিয়ন। উপকূলীয় এলাকায় নিয়োজিত থাকবে কোস্টগার্ড। সব বাহিনী সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার নির্দেশনায় কাজ করবে।

সূত্র জানায়, মেট্রোপলিটন এলাকার বাইরে সাধারণ ভোটকেন্দ্রে ১৬ থেকে ১৭ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৭ থেকে ১৮ জন পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। মেট্রোপলিটন এলাকায় সাধারণ কেন্দ্রে ১৬ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৭ জন দায়িত্ব পালন করবেন। দুর্গম হিসেবে চিহ্নিত ২৫ জেলার নির্দিষ্ট ভোটকেন্দ্রগুলোতেও ১৬ থেকে ১৮ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্বে থাকবেন। তারা ভোটগ্রহণের দুই দিন আগে থেকে ভোটের দিন পর্যন্ত মাঠে থাকবেন।