আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে দেশজুড়ে শেষ মুহূর্তের প্রস্তুতি ও রাজনৈতিক তৎপরতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও হেভিওয়েট প্রার্থীরা কোন কোন ভোটকেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন তা জানতে আগ্রহ রয়েছে সাধারণ ভোটারদের।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেন।
রূপালী বাংলাদেশের পাঠকদের জন্য বিএনপির হেভিওয়েট প্রার্থীদের ভোটকেন্দ্রসংক্রান্ত তথ্য তুলে ধরা হলো।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেবেন নিজ জেলা ঠাকুরগাঁওয়ের ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে।
দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে— ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
মির্জা আব্বাস ভোট প্রদান করবেন ঢাকার শাহজাহানপুরে অবস্থিত মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে।
বাবু গয়েশ্বর চন্দ্র রায় ভোট দেবেন কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশ উপজেলার চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী ভোট প্রদান করবেন চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
এ ছাড়া— সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের পেকুয়া উপজেলার সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট কেন্দ্রে, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের সালেহা ইশহাক সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে, এবং হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলার লালমোহন উপজেলার আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ভোট দেবেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা সরকারি হাইস্কুল ভোটকেন্দ্রে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির শীর্ষ নেতৃত্ব নিজ নিজ এলাকায় ভোট প্রদান ও ভোটারদের অংশগ্রহণে উৎসাহিত করতে সক্রিয় রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন