ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাত্র ২৪ ঘণ্টা বাকি। নিজের মতপ্রকাশ এবং সংসদে প্রতিনিধি নির্বাচনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রাজধানী ঢাকায় ফিরছেন। ঢাকার প্রধান রেলওয়ে স্টেশন হয়ে উঠেছে যাত্রীর সমুদ্র।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম, প্রবেশপথ ও টিকিট কাউন্টারে ছিল মানুষের ভিড়। কোচের আসনের টিকিট আগেই শেষ হলেও যাত্রীর চাপ কমেনি। অনেক ট্রেনে ভেতরে দাঁড়ানোরও জায়গা না থাকায় ঝুঁকি জেনে অনেকে ট্রেনের ছাদে উঠতে বাধ্য হয়েছেন।
ঢাকা রেলওয়ে স্টেশনে দেখা গেছে, সব টিকিট অনলাইনে বিক্রি হলেও কাউন্টারের সামনে দীর্ঘ লাইন। শত শত মানুষ টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন। কেউ কেউ স্ট্যান্ডিং টিকিট পেলেও অনেকে সেটিও পাননি।
প্ল্যাটফর্মজুড়ে ছিল ভোট উপলক্ষে ছুটির আনন্দ। কেউ একা, কেউ পরিবার-পরিজন নিয়ে, আবার কেউ বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে ট্রেনের অপেক্ষায় ছিলেন। ভিড় ও ভোগান্তির মধ্যেও অনেকের চোখে-মুখে ছিল উৎসবের আমেজ।
স্টেশনে নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। প্ল্যাটফর্মে প্রবেশের আগে যাত্রীদের ব্যাগ স্ক্যানিং, টিকিট যাচাই এবং ডিজিটাল স্ক্যানিংয়ের মাধ্যমে স্টেশনে প্রবেশ করানো হচ্ছে।
জামালপুর এক্সপ্রেসের যাত্রী রাশেদুল হাসান বলেন, আমি প্রথমবার ভোট দিতে যাচ্ছি। বিষয়টি আমার কাছে খুবই আনন্দের। আগে শুধু দেখেছি, এবার নিজে অংশ নিতে পারছি। তাই অনেক আগেই টিকিট কেটে রেখেছিলাম।
রংপুর এক্সপ্রেসের যাত্রী জুবায়ের রহমান বলেন, অনেক বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। ভোট একটি উৎসবের মতো। এতদিন বঞ্চিত ছিলাম। আমরা পরিবর্তন ও দুর্নীতি-অপশাসনের বিরুদ্ধে ভোট দিতে চাই।
এদিকে, সকালে সিলেটগামী পারাবত এক্সপ্রেস টঙ্গী পার হওয়ার সময় ইঞ্জিন থেকে শেষ কোচ পর্যন্ত ছাদে যাত্রী দেখা গেছে। এই চিত্র বিভিন্ন রেলওয়ে-সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। একই চিত্র দেখা গেছে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেসেও।
ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক সাজেদুল ইসলাম জানান, গত তিন দিন ধরেই বাড়তি যাত্রীর চাপ লক্ষ্য করা যাচ্ছে। ভোট উপলক্ষে দীর্ঘ ছুটি থাকায় যাত্রীসংখ্যা কয়েক গুণ বেড়েছে। রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ বাতিল করে ট্রেনটি গতকাল ও আজ চালানো হচ্ছে। আজ ঢাকা থেকে ৪৩টি আন্তঃনগর এক্সপ্রেস এবং ২৬টি মেইল ও লোকাল কমিউটার ট্রেন চলাচল করছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন