বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির ঘোষণা দেয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুবুর রহমান প্রজ্ঞাপনে সই করেছেন।
বদলির আওতায় রাজশাহী সারদার বিপিএর ডিআইজি শামীমা বেগমকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের ডিআইজি বাসুদেব বনিককে রাজশাহীর সারদার বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ)-তে স্থানান্তর করা হয়েছে।
এছাড়াও, জাতিসংঘ মিশন থেকে দেশে প্রত্যাগত পুলিশ সুপার জান্নাত আফরোজকে রেলওয়ে পুলিশে এবং নৌ পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন