ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদলের জোরালো গুঞ্জন শুরু হয়েছে। বর্তমান আইজিপি বাহারুল আলমের পদত্যাগপত্রের গুঞ্জন ছড়িয়ে পড়লেও সরকার আনুষ্ঠানিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে দায়িত্বশীল সূত্রগুলো বলছে, বাহিনীতে গতিশীলতা ফেরাতে ক্লিন ইমেজের নতুন কাউকে দায়িত্ব দেওয়ার চিন্তাভাবনা চলছে।
আলোচনায় থাকা শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন ১৫তম বিসিএস ব্যাচের কর্মকর্তারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
মো. আলী হোসেন ফকির : বর্তমানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত আইজিপি। আওয়ামী লীগ শাসনামলে রোষানলের শিকার হয়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো এই কর্মকর্তা বর্তমানে অসামান্য পেশাদারিত্বের পরিচয় দিয়ে আসছেন।
হাসিব আজিজ : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্বরত অতিরিক্ত আইজিপি হাসিব আজিজও দৌড়ে বেশ এগিয়ে আছেন। তিনি সাবেক আইজিপি এম আজিজুল হকের ছেলে।
আনসার উদ্দিন খান পাঠান : পুলিশের অবসরপ্রাপ্ত এই চৌকস কর্মকর্তা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাদারিত্ব ও সততার জন্য বাহিনীতে তিনি অত্যন্ত জনপ্রিয়।
আগামী ২২ নভেম্বর বর্তমান আইজিপি বাহারুল আলমের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে তার আগেই নতুন পুলিশপ্রধান নিয়োগের সম্ভাবনা প্রবল। নতুন সরকার শপথ নেওয়ার পর মন্ত্রিসভার বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


