ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রথম ধাপে শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শপথ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। এর মাধ্যমে নতুন সংসদের কার্যক্রম শুরুর গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হলো।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ধাপে নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরাও শপথ গ্রহণ করবেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৯৭টি আসনের বেসরকারি ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচনের ফল অনুযায়ী, ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে। এ ছাড়া দলটির জোটসঙ্গীরা আরও তিনটি আসনে বিজয়ী হন। অন্যদিকে, জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পায়। দলটির নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্য শরিকদের মধ্যে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) ছয়টি ও বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসনে জয়লাভ করেছে।
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার পথ আরও সুগম হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন