ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘নির্বাচনের মতোই নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১১:৫৯ এএম
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি : সংগৃহীত

কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাচন সময়ে যেমন নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া হয়, ঠিক তেমনই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এমন মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনারের প্রস্তুতি পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, কয়েক দিন আগে নির্বাচন হয়েছে, কোনো ত্রুটি বা বিচ্যুতি ঘটেনি। আশা করছি, এখানেও কোনো সমস্যা হবে না। নিরাপত্তার জন্য কয়েক স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে; সঙ্গে থাকবেন স্বেচ্ছাসেবক। শহীদ মিনার ও আশপাশ এলাকায় ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে।

এ সময় র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে থাকবে বম্ব ডিস্পোজাল ইউনিট, সিসিটিভি ক্যামেরা, ডগ স্কোয়াডসহ নিরাপত্তার সব ব্যবস্থা। কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশে ৬৪টি সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে। এ ছাড়া সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

র‌্যাব মহাপরিচালক আরও জানান, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভবিষ্যতে আরও ভালো হবে। র‌্যাব সতর্ক রয়েছে। আইনশৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করা হবে। দাবি আদায়ের নামে জনশৃঙ্খলা বিঘ্ন ঘটতে দেওয়া হবে না।