রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক এক সাক্ষাৎকার ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। সেখানে বিএনপি ও অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তার মন্তব্য নিয়ে প্রশ্ন উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে সবার সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে প্রত্যেকের সাংবিধানিক অধিকার রয়েছে। সবারই কথা বলার অধিকার আছে। যে যার মতো করে কথা বলবে, যারা জবাব দেওয়ার দেবে।
এর আগে রাষ্ট্রপতির ওই সাক্ষাৎকার নিয়ে সরকারের আনুষ্ঠানিক অবস্থান জানতে চাইলে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বিষয়টি পর্যালোচনা করে প্রতিক্রিয়া জানানো হবে।
সম্প্রতি ‘চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি’ শিরোনামে প্রকাশিত এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি তার ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক প্রেক্ষাপটের নানা দিক তুলে ধরেন। সেখানে তিনি উল্লেখ করেন, দুঃসময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তার পাশে ছিল। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কিছু পদক্ষেপকে অসাংবিধানিক বলে মন্তব্য করেন এবং যথাযথ সহযোগিতা না পাওয়ার কথাও জানান।
এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আজ গণমাধ্যমে রাষ্ট্রপতির একটি সাক্ষাৎকার প্রচারিত হয়েছে, যেখানে তিনি অনেক প্রসঙ্গ টেনেছেন। বিএনপি প্রসঙ্গ এবং তাকে সহযোগিতা না করার বিষয়েও তিনি কথা বলেছেন।
তিনি আরও বলেন, এ মুহূর্তে সাক্ষাৎকারটি নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। বিষয়টি আমরা যেভাবে দেখা দরকার, সেভাবে এখনো দেখিনি। দেখার পর প্রতিক্রিয়া জানাতে পারব।
রাষ্ট্রপতির বক্তব্য এবং সরকারের প্রতিক্রিয়া—দুই পক্ষের অবস্থান ঘিরে এখন রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

