ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করার পর এরই মধ্যে সরকার গঠন করেছে বিএনপি। আগামী ১২ মার্চ সংসদের অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি। এই অধিবেশনেই নির্ধারিত হবে সংসদের অভিভাবক বা স্পিকার ও ডেপুটি স্পিকার। এই আলোচনা এখন সব মহলে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এবং দলটির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীনের নাম বিভিন্ন মহলে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। এ ছাড়া ডেপুটি স্পিকার পদে তিনজন এবং সরকারদলীয় চিপ হুইপ পদে দুজনের নাম শোনা যাচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক ও সাবেক মন্ত্রী ড. মঈন খানের সর্বমহলে গ্রহণযোগ্যতা তাকে এই পদের জন্য শক্তিশালী দাবিদার করে তুলেছে। স্পিকার পদের জন্য বিএনপির প্রবীণ ও অভিজ্ঞ তিন নেতার নাম এখন পর্যন্ত সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগে মঈন খানের স্পিকার হওয়ার বিষয়টি আলোচনা হচ্ছে। অনেকটা নিশ্চিত তিনিই পরবর্তী স্পিকার হচ্ছেন।
এর পরই আলোচনায় রয়েছে দলটির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নাম। বরিশাল-৩ আসন থেকে নির্বাচিত এই প্রবীণ আইনজীবীর সাংবিধানিক ও নির্বাচনি আইন বিষয়ে অগাধ পাণ্ডিত্য রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত। সাংবিধানিক, নির্বাচন ও জনস্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে তার সম্পৃক্ততা রয়েছে। একই সঙ্গে তিনি দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের নামও শোনা যাচ্ছে। বিশ্বব্যাংকের সাবেক এই উচ্চপদস্থ কর্মকর্তার আন্তর্জাতিক উন্নয়ন ব্যবস্থাপনা ও সংসদীয় কার্যক্রমে দীর্ঘ অভিজ্ঞতা তাকে আলোচনার টেবিলে রেখেছে।
দলীয় সূত্রে জানা গেছে, সংসদীয় অভিজ্ঞতা ও রাজনৈতিক পরিপক্বতার সমন্বয় বিবেচনায় এনে তার নাম আলোচনায় এসেছে। যদিও দলীয়ভাবে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
ডেপুটি স্পিকার পদের জন্য তিনজনের নাম আলোচনায় রয়েছে। তারা হলেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, ভোলা-১ আসনের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং নোয়াখালী-১ আসনের ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। এই তিন নেতাই দলের ভেতরে ও বাইরে অত্যন্ত জনপ্রিয়। মন্ত্রিসভায় তাদের জায়গা না হওয়ায় অনেকেই বিস্মিত হয়েছিলেন, তবে এখন তাদের মধ্য থেকেই কাউকে ডেপুটি স্পিকার হিসেবে বেছে নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে সরকারি দলের চিপ হুইপ পদের জন্য দুই অভিজ্ঞ নেতার নাম শোনা যাচ্ছে। তারা হলেন নোয়াখালী-২ আসনের ৬ বারের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক এবং নোয়াখালী-৩ আসনের পাঁচবারের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। জয়নুল আবদিন ফারুক ইতিপূর্বে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করায় তার সম্ভাবনাকে অনেকে জোরালো মনে করছেন।
গত রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গঠিত এই সরকারে ইতোমধ্যে ২৫ জন মন্ত্রী, ২৪ জন প্রতিমন্ত্রী এবং ১০ জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। এখন সংসদীয় গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগের পালা।


