ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নবনিযুক্ত ও বিদায়ী আইজিপিকে সংবর্ধনা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৫:৩৫ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বিদায়ী আইজিপি বাহারুল আলম বিপিএম (বার) এবং নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরের সম্মানে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী আইজিপির বর্ণিল কর্মজীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। তারা জনাব বাহারুল আলমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করেন।

নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে স্বাগত জানিয়ে তাকে একজন পেশাদার কর্মকর্তা হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ পুলিশের মর্যাদা ও ভাবমূর্তি অনন্য উচ্চতায় উন্নীত হবে।

জনাব বাহারুল আলম বিপিএম তার কর্মকালীন সময়ে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। নবনিযুক্ত আইজিপিকে একজন দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করে জনাব বাহারুল আলম বলেন, নবনিযুক্ত আইজিপি বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সক্ষম হবেন।

নবনিযুক্ত আইজিপি জনাব আলী হোসেন ফকির দায়িত্ব পালনকালে সবার সহযোগিতা কামনা করে বলেন, আমরা দেশের উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকব।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।