পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অনলাইন জুয়া চক্রে জড়িত থাকার অভিযোগে এক সহকারী শিক্ষকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্তরা হলেন- রুহিতলাবুনিয়া গ্রামের কবির শেখের ছেলে রাজিব শেখ (২৫) এবং একই গ্রামের মৃত সোবাহান মোল্লার ছেলে রেজাউল (৪০)। রেজাউল স্থানীয় পিরোজপুর নাইট স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
পুলিশ জানায়, অনলাইন জুয়া খেলে অর্জিত ৬ লাখ ৩১ হাজার টাকা ভাগাভাগি নিয়ে রাজিব ও রেজাউলের মধ্যে বিরোধ দেখা দেয়। বিরোধ চরমে পৌঁছালে প্রশাসনের নজরে আসে এবং অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন এবং নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, জব্দকৃত অর্থ অনলাইন জুয়ার লেনদেনের সঙ্গে সম্পৃক্ত।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. হারুন-অর-রশীদ হাওলাদার জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তারা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, অনলাইন জুয়া সমাজকে কলুষিত করে এবং প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর থাকবে।
আইনশৃঙ্খলা বাহিনী মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করছে, প্রয়োজন হলে আরও গ্রেপ্তার হতে পারে। স্থানীয় সচেতন মহল জানিয়েছেন, শিক্ষক সমাজের নৈতিক পথপ্রদর্শক হওয়া উচিত, তাই এ ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড সমাজের জন্য লজ্জাজনক।

