দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। এবারের ঈদে সরকারি ছুটি ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ৯ দিন নির্ধারিত হয়েছে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে নগরবাসী। এদিকে, গণপরিবহন সংকট এবং বাড়তি ভোগান্তি এড়াতে ঈদের ছুটি এক দিন বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
বুধবার (৪ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
বিবৃতিতে তিনি বলেন, আসন্ন ঈদে প্রায় দেড় কোটি মানুষ রাজধানী ছাড়বে। সংক্ষিপ্ত সময়ে এতবেশী মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নে নিশ্চিত করা কঠিন। ফলে যাত্রীরা অতিরিক্ত ভাড়া ও অসহনীয় দুর্ভোগের শিকার হন।
মোজাম্মেল হক বলেন, এবারের ঈদে সরকারি ছুটি ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ৯ দিন নির্ধারিত হয়েছে। সরকার যদি ১৮ মার্চ একদিনের ছুটি নির্বাহী আদেশে বাড়ানো গেলে, ঘরমুখো মানুষ ধাপে ধাপে গ্রামের বাড়ি পৌঁছাতে পারবে। এতে মানুষের ভোগান্তি ও সড়ক দুর্ঘটনা কমবে এবং স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত হবে।
এক দিনের ছুটি বৃদ্ধির মাধ্যমে ঈদের যাত্রা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করা সম্ভব হবে বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন