সরকার ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এই কার্যক্রমকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তিনটি গ্রামে পাইলট প্রকল্পের অধীনে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে।
গ্রাম তিনটি হলো: উত্তর সুরিয়ারপাড়, হাতিয়া রাধানগর ও আকিলশাহ। ইতোমধ্যে তিনটি গ্রামে জরিপ কাজ সম্পন্ন হয়েছে। জানানো হয়, মোট ৯৬৮টি পরিবারকে জরিপ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সনজিব সরকার জানান, যথাযথভাবে জরিপ কাজ সম্পন্ন করা হয়েছে এবং সমস্ত তথ্য সংশ্লিষ্ট সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সফটওয়্যারে পাঠানো হয়েছে। ফ্যামিলি কার্ডের উদ্বোধন ১০ মার্চের মধ্যে করার পরিকল্পনা রয়েছে।
প্রথম পর্যায়ে নিম্নবিত্ত ও অতি নিম্নবিত্ত পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। পরে ধাপে ধাপে প্রতিটি পরিবারে কার্ড পৌঁছে দেওয়া হবে। তবে এই তিন গ্রামে ১১০ জন সরকারি ভাতাভোগীও রয়েছেন।
সরকারের এই উদ্যোগের ফলে ঈদের আগেই তিনটি গ্রামের দরিদ্র পরিবারের সদস্যরা ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে, যা তাদের জীবনে কিছুটা স্বস্তি এবং নিরাপত্তা যোগাবে।


