চলতি বছরের রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা জোরালো। জ্যোতির্বিজ্ঞানের বিশ্লেষণের ভিত্তিতে বিশেষজ্ঞরা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের কিছু দেশে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার হতে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমও এই তথ্য প্রকাশ করেছে।
ইমেরাতস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ১৮ মার্চ বুধবার নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা প্রায় নেই। ১৯ মার্চ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫:২৩ মিনিটে নতুন চাঁদ উদিত হবে। সেই দিন সূর্যাস্তের পর চাঁদ ২৯ মিনিট পর্যন্ত দিগন্তে দেখা যাবে। আকাশ পরিষ্কার থাকলে সন্ধ্যায় চাঁদ দেখা যেতে পারে। তাই ২০ মার্চ শুক্রবার শাওয়াল মাস শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
আল জারওয়ান আশা করেছেন, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের এই তথ্যের ভিত্তিতে বিশ্বের অধিকাংশ মুসলিম দেশ এবার একই দিনে ঈদ উদযাপনে ঐকমত্য করতে পারবে।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির মাধ্যমে হবে। সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে রোজা ও ঈদ শুরু হয়। তাই যদি ২০ মার্চ মধ্যপ্রাচ্যে ঈদ হয়, বাংলাদেশের জন্য সম্ভাব্য দিন হতে পারে ২১ মার্চ শনিবার।
উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যেই ২১ মার্চকে সম্ভাব্য ঈদের দিন ধরে ছুটির ক্যালেন্ডার সাজিয়ে রেখেছে। জ্যোতির্বিজ্ঞানের এই নতুন পূর্বাভাস সরকারি পরিকল্পনার সঙ্গেই মিলে যাচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন