ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

এক সপ্তাহে বাতিল হয়েছে ২৪৫ ফ্লাইট

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৮:৪১ পিএম
ছবি-সংগৃহীত

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে আকাশপথে চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট সূচিতে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে।

এই পরিস্থিতির কারণে গত সাত দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে শুক্রবার (৬ মার্চ) একদিনেই বাতিল হয়েছে ৩৩টি ফ্লাইট।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, আকাশসীমা বন্ধ থাকায় ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে ২৩টি ফ্লাইট বাতিল হয়। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি এবং ৫ মার্চ ৩৬টি ফ্লাইট বাতিল করা হয়।

শুক্রবার বাতিল হওয়া ৩৩টি ফ্লাইটের মধ্যে রয়েছে- কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ) ৬টি, কাতার এয়ারওয়েজের ৪টি, ফ্লাই দুবাইয়ের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৫টি, গালফ এয়ারের ২টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি এবং এমিরেটস এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট।

সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রভাবে গত এক সপ্তাহে ঢাকার আকাশপথে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৫টিতে।