যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করেছে সরকার। তাকে ঢাকায় ফিরতে বলা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো বাংলাদেশি কূটনীতিককে বিদেশি মিশন থেকে প্রত্যাহার করা হলো।
শনিবার (৭ মার্চ) হিথ্রো বিমানবন্দরে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে লন্ডনে পৌঁছান। তারা কমনওয়েলথের একটি মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে যুক্তরাজ্যে গেছেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হুমায়ুন কবীর অভিযোগ করেন, হাইকমিশনার আবিদা ইসলাম লন্ডনের বাংলাদেশ হাইকমিশনকে ‘আওয়ামীকরণ’ করে রেখেছিলেন এবং বাংলাদেশের স্বার্থ যথাযথভাবে দেখেননি। এসব অভিযোগের কারণেই তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।
গত বছরের জানুয়ারিতে অন্তর্বর্তী সরকার আবিদা ইসলামকে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। তিনি বহুল আলোচিত সাবেক হাইকমিশনার সাইদা মুনা তাসনিম-এর স্থলাভিষিক্ত হন। শুরু থেকেই তার নিয়োগ নিয়ে আপত্তি জানিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জ্যেষ্ঠ কূটনীতিক আবিদা ইসলাম এর আগে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার (প্রধান মিশন) হিসেবেও কাজ করেছেন।

