দুর্নীতি ও নিয়োগ নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী আবদুস সালাম ব্যাপারীকে অপসারণ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। রোববার (৮ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তুত করা পদত্যাগপত্রে তার স্বাক্ষর নেওয়া হয়।
সরকারি সূত্রে জানা যায়, এমডি আবদুস সালাম নানা অভিযোগের কারণে বেশ সমালোচিত ছিলেন। এ কারণে তাকে আর দায়িত্বে রাখা হয়নি। বিশেষ করে দুর্নীতির অভিযোগ এবং তার নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠায় বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। এরই মধ্যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
প্রকৌশলী আবদুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। ঢাকা ওয়াসার তিনটি বড় প্রকল্পের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন, যেগুলোর ব্যয় ছিল প্রায় পাঁচ হাজার কোটি টাকা। এসব প্রকল্প বাস্তবায়ন নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছিল এবং এ নিয়ে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছিল।
এমন অভিযোগ থাকা সত্ত্বেও তাকে ওয়াসার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা দেখা দেয়। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে দ্রুততার সঙ্গে তার নিয়োগ দেওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।
গত বছরের ১১ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি সংস্থাটিতে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন