আমেরিকা–ইসরায়েল ও ইরানের যুদ্ধের কারণে বর্তমানে মধ্যপ্রাচ্য উত্তাল। এমন প্রেক্ষাপটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের চারটি রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে। কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত এবং সৌদি আরবের দাম্মাম- এই চার রুটে বিমান চলাচল স্থগিত ঘোষণা করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট স্থগিত রাখা হয়েছিল, তার মধ্যে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইটসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
বোসরা ইসলাম বলেন, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটসমূহ ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তীতে পরিস্থিতির উন্নতি এবং সেখানকার বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ফ্লাইট দুটি পুনরায় চালু করা হতে পারে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, বিমানের ফ্লাইট–সংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে বিমান কলসেন্টারে—১৩৬৩৬ (অভ্যন্তরীণ) অথবা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক)- যোগাযোগ করতে বলা হয়েছে।

