ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভোজ্যতেলের সংকট নেই, দামও বাড়বে না আপাতত : বাণিজ্যমন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৯:১০ পিএম
বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : সংগৃহীত

বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ভোজ্যতেলের দাম বাড়বে না। দেশে তেলের কোনো সংকট নেই।

সোমবার (৯ মার্চ) সচিবালয়ে ভোজ্যতেলের সরবরাহ নিয়ে উৎপাদক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বাণিজ্য মন্ত্রী বলেন, ভোজ্যতেলের কোনো সংকট নেই, পর্যাপ্ত সরবরাহ রয়েছে। দাম এক ফোঁটাও বাড়বে না। তবে আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা করলে সরবরাহের চাপ তৈরি হতে পারে, যা পরিস্থিতিকে অযথা জটিল করে তুলতে পারে।

ভোক্তাদের উদ্দেশে তিনি বলেন, আতঙ্কিত হয়ে বেশি বেশি কেনার কোনো প্রয়োজন নেই। বাজারে যেহেতু পণ্য আছে, তাই অযথা প্রতিযোগিতা করলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শুধু ভোজ্যতেল নয়, জ্বালানি তেল ও গ্যাস—কোনোটিতেই সংকট নেই।

বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে। একই সঙ্গে গুজব ও আতঙ্ক ছড়ানো থেকে বিরত থাকার জন্যও সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী।