হত্যার হুমকির অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ।
সোমবার (৯ মার্চ) রাতে থানায় উপস্থিত হয়ে তিনি জিডি করেন।
জিডি করার পর সাংবাদিকদের রিফাত রশিদ বলেন, বিভিন্ন বিদেশি নম্বর থেকে তাকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে এবং তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ফোনে হুমকি দিয়ে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ও তার পরিবারকে পুড়িয়ে হত্যা করা হবে।
রিফাত রশিদ অভিযোগ করেন, দেশে এখনও বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রম সক্রিয় রয়েছে। বিভিন্ন জায়গায় সংগঠনের নেতাকর্মীরা ধীরে ধীরে একত্রিত হচ্ছেন এবং কোথাও কোথাও ইফতারের আয়োজন করছেন বলেও তিনি দাবি করেন।
এ সময় আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের যেসব নেতাকর্মী অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।
রিফাত রশিদ বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা হয়ে গেছে। বাংলাদেশে তাদের আর ফেরার সুযোগ নেই। তবে তারা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরতে পারে।

