পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর মানুষের যাতায়াত সহজ করতে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে প্রশাসন। ফিটনেসবিহীন বাস হাইওয়েতে নষ্ট হয়ে গেলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তাই সড়কে ফিটনেসবিহীন ‘লক্কড়ঝক্কড়’ বাস নামালেই সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
বুধবার (১১ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ফিটনেসবিহীন বাস হাইওয়েতে নষ্ট হয়ে গেলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তাই গতবারের মতো এবারও লক্কড়ঝক্কড় বাস মেরামতের জায়গাগুলোতে নজরদারি চালানো হবে।
তিনি বলেন, বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বিআরটি লেন এবং আব্দুল্লাহপুর থেকে আশুলিয়া সড়ক পর্যন্ত একমুখী যান চলাচল চালুর সম্ভাবনাও রয়েছে। এ ছাড়া ঢাকা বাইপাস সড়ক সচল রাখতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে ।
মো. সরওয়ার বলেন, যাত্রীদের সহায়তার জন্য বাস টার্মিনালগুলোতে ‘হেল্পডেস্ক’ স্থাপনের অনুরোধ জানান ডিএমপি কমিশনার। সেখানে বাসের ভাড়ার তালিকা টাঙিয়ে রাখা এবং কোনো বাসের শিডিউল বিপর্যয় হলে তা দ্রুত যাত্রীদের জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ঈদযাত্রা নিরাপদ করতে টার্মিনাল ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পোশাকধারী পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মোতায়েন থাকবে। এ ছাড়া সন্দেহভাজন বস্তু তল্লাশিতে ডগ স্কোয়াড এবং বিশেষ পরিস্থিতিতে SWAT টিম প্রস্তুত থাকবে। ট্রাফিক নিয়ন্ত্রণে অশ্বারোহী পুলিশও দায়িত্ব পালন করবে।
ডিএমপি কমিশনার বাস মালিক ও শ্রমিক সংগঠনকে অনুরোধ করে বলেন, চালকরা যেন একটানা চার থেকে পাঁচ ঘণ্টার বেশি গাড়ি না চালান এবং যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী না তোলেন। বিশেষ করে আব্দুল্লাহপুর, গাবতলী ও সায়েদাবাদ এলাকায় মূল সড়কে দাঁড়িয়ে যাত্রী তুললে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের চাপ কমাতে আগামী ১৮ মার্চ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এতে একদিনে বিপুল সংখ্যক মানুষের ঢাকা ছাড়ার চাপ কমবে এবং প্রতিদিন গড়ে প্রায় ২০ লাখ মানুষ করে ঢাকা ছাড়তে পারবে।
ডিএমপি কমিশনার বলেন,তৈরি পোশাক শিল্প মালিকদের প্রতি ধাপে ধাপে ছুটি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ১৬ থেকে ২০ মার্চের মধ্যে প্রতিদিন ২০ শতাংশ শ্রমিককে ছুটি দিলে পরিবহন সংকট ও যানজট অনেকটাই কমবে বলে মনে করছে ডিএমপি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন